কাউন্সিলের রাজনীতি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিবিদ মাসুদ খলিল। ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) পশ্চিম সিডনির এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের এই কাউন্সিলর।
২০২৭ সালের মার্চে নিউ সাউথ ওয়েলস স্টেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে দীর্ঘদিন ধরে স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ খলিল। অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে তিনিই প্রথম কোনো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এ অর্জন বাংলাদেশী কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এবার স্থানীয় সরকার থেকে স্টেট রাজনীতিতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন মাসুদ খলিল।
অনুষ্ঠানে তিনি বলেন, অস্ট্রেলিয়ার রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বড় দলের প্রভাবের মধ্যে রয়েছে। তার মতে, এর ফলে অনেক সময় জনগণের মৌলিক সেবা ও স্থানীয় সমস্যার পরিবর্তে দলীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়।
‘কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া’র প্রতিনিধি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক সংস্কারে ভূমিকা রাখা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেন তিনি।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর খালেদ হালাবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।