আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করানো হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকালেও অব্যাহত রয়েছে। এতে হাজারো যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করানো হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার সকালে অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে সামাল দিতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
একপর্যায়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েন।
যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তারা যানজটে আটকে আছেন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তারা প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে রয়েছেন।
টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা একই জায়গায় আটকে আছেন। এত দীর্ঘ যানজটের কারণও অনেক যাত্রী জানেন না।
ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া গণমাধ্যমকর্মী আবু তাহের দুলাল বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে আছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যানজট দেখে উল্টো পথে আরও ৩০ কিলোমিটার যাওয়ার পর আবার দীর্ঘ যানজটে পড়েছি। এখন বাসে বসে আছি, জানি না কখন ঢাকায় ফিরব। ’
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কার। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটিতে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
শীর্ষনিউজ