Image description

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল অনুযায়ী মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫  আর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য। গতকাল রাতেই নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। এদিকে ভোটে বিজয়ের পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল বিকালে ভোট গ্রহণ শেষে ফলাফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি। সঙ্গে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা করতালি দিয়ে ও টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাশের আসনে থাকা বিজয়ী প্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। এরপর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এর আগে ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যালট বাক্সগুলো নির্ধারিত নিয়মে খোলেন। সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট গণনা শুরু হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ভোট গণনা করা হয়। গণনার সময় সংসদ সদস্যদের উপস্থিত থাকার সুযোগ ছিল। ৫টা ১৮ মিনিটে ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা হিসেবে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিলেও তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। অনুপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ দুইজন। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে দেখা যায়নি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়। জাতীয় সংসদের অধিবেশনকক্ষেই ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল থেকেই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন। সংসদের অধিবেশনকক্ষের মাঝে তিন পাশে তিনটি টেবিলে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়। ১৫ মিনিট আগে থেকেই সংসদ সদস্যরা অধিবেশনকক্ষে প্রবেশ করতে শুরু করেন। বেলা ১টা ৫৬ মিনিটে দলীয় সংসদ সদস্যদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনকক্ষে প্রবেশ করলে উপস্থিত সবাই তাঁকে স্বাগত জানান।

নির্ধারিত সময় বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে স্বচ্ছ ব্যালট বাক্স পরীক্ষা করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাঁরা ব্যালট বাক্স সংসদ সদস্যদের প্রদর্শন করেন। অধিবেশনের শুরুতে নির্বাচনের নির্বাচনি কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। পাশাপাশি ব্যালট গ্রহণ, ব্যালটে ভোট প্রদান এবং ব্যালট বাক্সে জমা দেওয়ার নিয়মও বুঝিয়ে দেন।

সিইসির বক্তব্য শেষে বেলা ২টা ১১ মিনিটে সংসদকক্ষে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রথম ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। ভোট শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় নেতার সঙ্গে করমর্দন করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দেওয়া শেষে অধিবেশনকক্ষ ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।  এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের জন্য সংসদকক্ষের মাঝে আলাদা চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বসেই তাঁরা ভোট দেন। পরে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁদের ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে অভিনন্দন জানান। বেলা ২টা ১৯ মিনিটে ভোট দেন বিরোধীদলীয় নেতা। এরপর সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে ভোট দিতে থাকেন। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।

সংসদ গ্যালারি থেকে দেখা গেছে, ভোট শুরুর পর ভিড় এড়াতে পর্যায়ক্রমে সংসদ সদস্যদের ব্যালট পেপার পৌঁছে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রথমে তাঁদের ব্যালট পেপারের মুড়ি অংশ দেওয়া হয়। সেখানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করেন তাঁরা। এরপর ব্যালটের মূল অংশে থাকা দুই প্রার্থীর নামের মধ্য থেকে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে ভোট দেন। মূল ব্যালটেও সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হয়। পরে ভাঁজ করা ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দেন তাঁরা।

ভোট দেননি ছয় এমপি : রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয় সদস্য ভোট দেননি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিশের একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন একজন। ভোট না দেওয়া বিএনপির তিন এমপি হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এ ছাড়া জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি।

সরাসরি সম্প্রচার : রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভোট গ্রহণের গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচার করা হয়। ভোট শুরুর আগে থেকেই সংসদ ভবনের কার্যক্রম সম্প্রচারের ব্যবস্থা করা হয়। প্রথম পর্যায়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের ভোট দেওয়ার দৃশ্য দেখানো হয়। ভোট গ্রহণের পুরো তিন ঘণ্টা সরাসরি সম্প্রচার না হলেও প্রক্রিয়ার রেকর্ড সংরক্ষণ করা হয়। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা, ভোট গণনা ও ফলাফল ঘোষণার অংশও সম্প্রচার করা হয়।

আজ শপথ : রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আজ শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কারণ বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী এ অবস্থায় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্যপদ শূন্য হবে। একই সঙ্গে তাঁর মন্ত্রিত্বের দায়িত্বও শেষ হবে। নতুন রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে শেষ হবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বের অধ্যায়। গতকাল বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে শেষ অফিস করেছেন।

এদিন সংসদে এক ব্রিফিংয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোট গ্রহণ এবং শপথ গ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই।

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর চীন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মিশন থেকে অভিনন্দনবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে বেইজিং ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় তাঁকে শুভেচ্ছা জানায়। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় জানায়, চীন বাংলাদেশ-মৈত্রী ও সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের কল্যাণে বেইজিং নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এ ছাড়া ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেছেন, মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা দেশের সাংবিধানিক মর্যাদা আরও সুদৃঢ় করবে।