Image description

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকে উদ্ধৃত করে প্রকাশিত ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে কমিশন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবাদকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএসইসি।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানকে উদ্ধৃত করে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রকাশ করা হয়েছে।

তবে বিএসইসি বলছে, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তাঁর নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশ করা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছে কমিশন।

 

বিএসইসি চেয়ারম্যানের নামে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামের সংবাদে সতর্কতা

 

বিএসইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সংবাদকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও শেয়ার করা হচ্ছে। এসব প্রচারে সংবাদটির বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে চেয়ারম্যান ও কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ এবং বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। পাশাপাশি পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

কমিশন মনে করে, পুঁজিবাজারের মতো সংবেদনশীল এবং বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা জরুরি।

বিএসইসি বলেছে, কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণে সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার জন্য সতর্ক করা হয়েছে।

কমিশনের কোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যটির উৎস ও সত্যতা যাচাই করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএসইসি।

 

ঢাকাটাইমস