Image description
ধর্ষণ ও অন্যান্য যৌন অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ভারতের ক্রিকেটার ও উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং একই দিন আদালতে হাজির করে।
 
অভিষেক পোড়েল কলকাতা ও আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তার বিরুদ্ধে করা মামলাটি গত ৩০ জুন দায়ের করা হয়।
 
মামলার প্রাথমিক শুনানি হয় ১৪ জুলাই। সেদিন আদালতে আবেদনকারীর আইনজীবী জানান, অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা প্রয়োজন। এসব ডিভাইসে আবেদনকারীর আপত্তিকর ছবি রয়েছে বলে অভিযোগ করা হয়। আবেদনকারীর মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এসব ডিভাইস দ্রুত জব্দ করার প্রয়োজনীয়তার কথাও আদালতকে জানানো হয়।
 
পরবর্তী শুনানিতে আদালত সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য বিবেচনায় নিয়ে অভিযুক্তদের মধ্যে পোড়েলসহ দুজনকে গ্রেপ্তার এবং তাদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দেন। ওই ডিভাইসে থাকা আপত্তিকর তথ্য যেন অন্যদের কাছে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।
 
আদালতের নথি অনুযায়ী, ১১ আগস্টের শুনানিতে মোগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া একটি যোগাযোগের কথা জানানো হয়। সেখানে বলা হয়, মামলার ছয় নম্বর অভিযুক্তকে ১১ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মামলার শুনানি মুলতবি রাখার আবেদন করে পুলিশ।এরপরই পোড়েলকে আদালতে হাজির করা হয়।
 
এদিকে আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি পোড়েলকে। চলতি মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র চারটি ম্যাচে খেলেছেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে মামলাটির পরবর্তী কার্যক্রম কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।