Image description

নেত্রকোনার বড় বাজার এলাকায় পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ঘটনাস্থলে পুলিশের চারটি দল মোতায়েন করা হয়েছে ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার বড়বাজারে মজুমদার কসমেটিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় এক ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে আগুন নেভানোর কাজে মোট সাতটি ইউনিট অংশ নেয়।

আগুনের তীব্রতা দেখে আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে অনেকেই নিজেদের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের চারটি দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এর উৎপত্তির কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গণমাধ্যমকে বলেন,রাত সাড়ে ৯টার দিকে প্রথমে মজুমদার কসমেটিকস এই আগুন লাগে। এ সময় খবর পেয়ে শহরের আশপাশের উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন এসে যোগ দেন। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে বলে তারা জানান।