লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ৭২ জন বাংলাদেশি রয়েছেন।
গ্রিসের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির স্থানীয় দৈনিক ‘দেমোক্রাতিয়া’ জানায়, লিবিয়া উপকূল থেকে রওনা হয়ে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ অভিবাসী দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছান। অল্প সময়ে এত অভিবাসীর আসায় স্থানীয় কর্তৃপক্ষ ও আশ্রয়কেন্দ্রগুলোতে চাপ সৃষ্টি হয়েছে।
আকাশপথে নজরদারিতে ধরা পড়ার পর ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে ৪০ অভিবাসীবাহী একটি ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড। পরে তাঁদের বন্দরে নিয়ে প্রাথমিক পরিচয়পত্র যাচাই ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে ১১২ অভিবাসীকে নিয়ে আরও দুটি নৌকা গ্রিক উপকূলে এসে পৌঁছায়। এর মধ্যে প্রথম ৫৬ সদস্যের দলটিতে ৩১ সুদানি ও ২৫ বাংলাদেশি নাগরিক ছিলেন। দ্বিতীয় ৫৬ জনের দলটিতে ৪৭ বাংলাদেশি এবং ৯ মিসরীয় নাগরিক ছিলেন। সব মিলিয়ে ৭২ বাংলাদেশি শনাক্ত হয়েছেন।
উদ্ধার অভিবাসীদের বর্তমানে নিরাপত্তা ও চিকিৎসার প্রয়োজনে ইরাকলিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর