নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটকের পর উদ্ধার হওয়া ‘পিস্তল’ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আটক যুবক জানান, অস্ত্রটি তার বাবার লাইসেন্সকৃত পিস্তল। অন্যদিকে পুলিশের দাবি, পিস্তলটি খেলনা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে মন্ত্রীর পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে ওই যুবককে আটক করা হয়। তানিম নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার মৃত শামসুল আলমের ছেলে। তার বাবা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি মঞ্চে বক্তব্য দেন। মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে মন্ত্রীর দুইবার ধাক্কা লাগলে সন্দেহবশত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছ থেকে পিস্তল উদ্ধার হলে তাকে নাটোর সদর থানা হেফাজতে নেওয়া হয়।
আটকের পর তানিম হোসেন সাংবাদিকদের জানান, নিজের আত্মরক্ষার জন্যই অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন এবং এটি তার বাবার নামে লাইসেন্স করা। শুরুতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানও পিস্তলসহ যুবককে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।
তবে আটকের কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় নাটকীয় পরিবর্তন ঘটে পুলিশের বক্তব্যে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম দাবি করেন, পিস্তল সদৃশ অস্ত্রসহ তাকে আটক করা হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা ও জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া গেছে যে সেটি আসলে একটি খেলনা পিস্তল।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।