Image description

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। গত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘণ্টা চলা বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আবদুল মঈন খান বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, সরকার চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের পরিকল্পনা করছে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। এ ছাড়া দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও স্থীতিশীলতা ও উন্নয়ন, সমসাময়িক জাতীয় ইস্যু এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বৈঠকে শীর্ষ নেতারা তাদের মতামত তুলে ধরেন। জানতে চাইলে বৈঠকে উপস্থিত অন্তত তিনজন স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের প্রতিদিনকে বলেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা ছাড়াও দেশের সার্বিক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত ও দীর্ঘ আলোচনা হয়েছে।

সূত্র জানায়, সদস্যরা সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে মত দেন যে, আগামী বছরের জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বাস্তবসম্মত হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিও বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দ্রুত সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশ্বাস দেন। এ ছাড়া চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়েছে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

ইউপি-পৌরসভায় স্থানীয়ভাবে একক প্রার্থী বাছাইয়ের নির্দেশ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে স্থানীয়ভাবে একক প্রার্থী বাছাই করতে নির্দেশনা দিয়েছেন। তৃণমূলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে রাজশাহী বিভাগের দুই জেলা নাওগাঁ ও জয়পুরহাটের নেতাদের নিয়ে বৈঠক করেছেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। বৈঠকে অংশ নেওয়া নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, ‘বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয়ভাবেই একক প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিয়েছেন চেয়ারম্যান।’  জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গুলজার হোসেন বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান। সাংগঠনিক আলোচনা হয়েছে। কীভাবে তৃণমূলকে সংগঠিত করা যায় সেই নির্দেশনা দিয়েছেন। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাই করতে বলেছেন।’