Image description

মেসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম সাজিদ আহমেদ মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জার চ্যাটিংয়ের কিছু আপত্তিকর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, আমরা যতটুকু জেনেছি, মেসেঞ্জারে কথাগুলো তিনি তার খালাতো ভাইয়ের সঙ্গে বলেছিলেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে আমরা কেন্দ্রে জানাই। কেন্দ্র বিষয়টির সত্যতা যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থী হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বলেন, ‘যে চ্যাটটি নিয়ে কথা হচ্ছে, সেটি প্রায় এক বছর আগের। আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন ছিল। এটি সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সী হওয়ায় অনেক সময় আমরা মজা করে কথা বলি। কিন্তু একটি ব্যক্তিগত মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’