Image description

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে চোখ হারানো কিশোর আলিফকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩১ জুলাই) হাসপাতালে আলিফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

জামায়াতে ইসলামীর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার জুলাই পদযাত্রার কর্মসূচিতে ছাত্রদলের কর্মীরা ১৮ বছর বয়সী আলিফের চোখে রড দিয়ে আঘাত করলে তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের গেটের সামনে পুনরায় তাদের ওপর হামলা চালানো হয় বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। তাদের ভাষ্য, সে সময় আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত ঝরছিল এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগও দেওয়া হয়নি।

পরিস্থিতি গুরুতর হওয়ায় আলিফকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, একটি চোখে দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছে আলিফ।