Image description

সিলেটে কর্মসূচি শেষে ফেরার পথে নিজ গাড়িবহরে হামলার ঘটনায় ইশরাক হোসেনকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনাটিকে ‘হত্যার উদ্দেশ্যে হামলা’ আখ্যা দিয়ে তিনি এটি ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমার ব্যক্তিগত জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলব—আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। এই ভুলের কাফফারা আপনাকে দিতে হবে। শেখ হাসিনা আমাকে জেলে নিয়েছিলেন, তার কাফফারা তাকে দিতে হয়েছে।’

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট নগরে ফেরার পর সার্কিট হাউসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি হাতে আঘাতের চিহ্নও দেখান।

ঘটনার বর্ণনা দিয়ে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সিলেটের জৈন্তাপুরের কর্মসূচি শেষ করে বের হওয়ার তিন-চার মিনিট পর তামাবিল সড়ক দিয়ে শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। সড়ক থেকে প্রায় ২০০-৩০০ মিটার দূরে অন্ধকার স্থান থেকে একটি বড় ইট প্রচণ্ড বেগে ছুড়ে মারা হয়। ইটটি এসে গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকে।

এতে তিনি হাতে প্রচণ্ড আঘাত পান এবং তার এক সহযোগী কাচের আঘাতে রক্তাক্ত হন। ইটটি হাতে না লেগে মাথায় লাগলে তার মৃত্যু হতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের প্রতি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করে পাটোয়ারী বলেন, তিনি একটি মস্ত বড় ভুল করেছেন এবং এর জন্য তাকে মাসুল দিতে হবে। শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, হাসিনা আামকে জেলে নিয়েছিলেন এবং বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। তারেক রহমানকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

এই ‘হত্যাচেষ্টার’ জন্য ইশরাক হোসেনকে অভিযুক্ত করে তিনি বলেন, ইশরাক দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করে আসছিলেন এবং তার মিছিলের পরপরই এই হামলার ঘটনা ঘটেছে।

তবে এই হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ বা মামলা করতে রাজি নন পাটওয়ারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি জীবিত থাকা পর্যন্ত এই ঘটনার জন্য কোনো মামলা করবেন না। আইনি ব্যবস্থার বদলে রাজপথে রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে।

হামলার এই রক্তপাতকে একটি ‘রেডলাইন’ বা চরম সীমা হিসেবে অভিহিত করে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির কাঁচ ভেঙে তিনি এবং সঙ্গে থাকা একজন আহত হন।

এ নিয়ে পরপর কয়েক দিন সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল।