রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রিকশা ভাড়া তালিকা প্রকাশের পর তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ। তাদের অভিযোগ, ভাড়া নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রকাশিত নতুন তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে উল্টো বেড়েছে ভাড়া। বিশেষ করে কম দূরত্বের পথেও তুলনামূলক দীর্ঘ রুটের সমান ভাড়া নির্ধারণ করায় এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন ভাড়া তালিকা টানিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর করতে পুরো ক্যাম্পাসে মাইকিং করা হয়। এর আগে গত ৪ জুলাই প্রক্টর দপ্তরে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় করেন রাকসু নেতারা। সেই আলোচনার ভিত্তিতেই নতুন ভাড়া তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তৃতীয় বিজ্ঞান ভবনের দূরত্ব তুলনামূলক কম হলেও নতুন তালিকায় এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। একইভাবে ক্যাম্পাসসংলগ্ন আমজাদের মোড় থেকে তৃতীয় বিজ্ঞান ভবন পর্যন্ত দীর্ঘদিন ধরেই ২০ টাকা ভাড়া দিয়ে আসছেন পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী কৌশিক কুন্ডু কাব্য। তার প্রশ্ন, তুলনামূলক কম দূরত্বের একটি রুটেও যদি একই ভাড়া দিতে হয়, তাহলে দূরত্বের ভিত্তিতে ভাড়া নির্ধারণের যৌক্তিকতা কোথায়?
নতুন তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। শিক্ষার্থীদের অভিযোগ, দূরবর্তী গন্তব্যের তুলনায় অনেক কাছাকাছি রুটেও অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা রিকশা ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়ে এলেও নতুন তালিকায় সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং প্রতিদিনের যাতায়াত ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রিকশা ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বললেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মতামত এবং রিকশাচালকদের সঙ্গে প্রত্যক্ষ আলোচনার ভিত্তিতেই ভাড়া পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা পূর্বের যৌক্তিক ভাড়াই পরিশোধ করুক। কোনোভাবেই যেন নির্ধারিত ভাড়ার চেয়ে কম বা বেশি নেওয়া না হয়।’
শিক্ষার্থীদের আপত্তির বিষয়টি আমলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩৬টি পয়েন্টে ভাড়া নির্ধারণ করা বেশ জটিল কাজ। যেসব পয়েন্টে ভাড়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে, সেগুলো আমরা পুনর্বিবেচনা করছি। প্রয়োজন হলে সংশোধিত ভাড়া তালিকা খুব দ্রুত প্রকাশ করা হবে।’