রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন— সাকিব, ওয়াসিদ ও জিল। আটক ওয়াসিদ ও সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পাঁচ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। আর জিল এইচএসসি পরীক্ষার্থী।
আটক জিলের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই ভবনের পাঁচ তলার একটি বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও তিনি ছাড়া আর কেউ ছিলেন না। একপর্যায়ে তারা তিন জন মিলে ইয়াবা ও হেরোইন সেবন করেন।
পরে ওয়াসিদ তার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা দেন। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন।
বাসার বারান্দা থেকে চিৎকার শুনে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ গিয়ে তিন জনকে আটক করে।
ভাটারা থানার এসআই মওদুদ জানান, এক বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন— ৯৯৯ নম্বর থেকে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।