Image description

গাইবান্ধায় উঁচু একটি রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার একটি থানায় দায়ের হওয়া অর্থপাচারের মামলায় রোববার রাতে তাকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে হরিদাসের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড দেয় আদালত।

এর আগে হরিদাসের নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করে সিআইডি। সেখানে তার বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীর মধ্যরামচন্দ্রপুর গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম হরিদাসের। তাকে গ্রেফতারের পর সিআইডি জানিয়েছে, তিনি ২০০৬ সালে এসএসসি এবং ২০০৮ সালে এইচএসসি পাশ করেন। তবে মঙ্গলবার এ তথ্যের বিষয়ে জানতে চাইলে সংস্থাটি জানিয়েছে, এ তথ্যের সত্যতা এখনো যাচাই করা হচ্ছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, অস্বাভাবিক অর্থ লেনদেনের বিষয়ে হরিদাস দাবি করেছেন, তার ভক্তরা তাকে আর্থিক সহায়তা দিয়েছেন। জিজ্ঞাসাবাদে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তকারীদের মতে, একজন এসি মেকানিক থেকে অল্প কয়েক বছরের মধ্যে শতকোটি টাকা লেনদেনের উৎসের পেছনে কী রয়েছে, তার ক্ষতিয়ে দেখা হচ্ছে।