কুড়িগ্রামে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।
সোমবার (২২ জুন) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ করেন আন হংওয়েই নামের ওই চীনা নাগরিক।
নিখোঁজ স্ত্রীর খোঁজে তিনি ওই থানায় অভিযোগ নিয়ে গেলেও, ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় পুলিশ তাকে সংশ্লিষ্ট থানায় যাওয়ার পরামর্শ দিয়েছে।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গারমেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে আসলে ওই চীনা নাগরিককে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমেছিল।
অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েইয়ের দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার আশ্রয় নিয়েছেন। সুযোগ বুঝে তিনি কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার (আন হংওয়েই) বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি বুঝিয়েছেন।’
শীর্ষনিউজ