রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সম্প্রতি ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর একটি মিছিলের সংবাদ সংগ্রহের সময় দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকীসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকদের লাঞ্ছিত ও আহত করা হয়। এরই প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে এমআরএ।
মানববন্ধনে এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি বড় হুমকি। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের সার্বিক নিরাপত্তা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।
এমআরএ-এর দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি প্রকাশ করেন এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।