Image description

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পসহ নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রস্তুতি হিসেবে ওয়ার্ডভিত্তিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮৯টিসহ মোট ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এগুলোকে আনুষ্ঠানিকভাবে “ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল” হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন স্বেচ্ছাসেবকদের তথ্য নিয়ে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক ডাটাবেজ তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ভূমিকম্প ও সুনামি সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত প্রচারের ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী অবস্থানে থাকায় এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করে বিভিন্ন প্রস্তুতিমূলক ও ঝুঁকি হ্রাসমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণে গুরুত্বারোপ করা হচ্ছে।