ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে ঘিরে। বিধানসভা নির্বাচনের পর দলে ভাঙনের জেরে এবার দলীয় প্রতীক ‘জোড়া ঘাসফুল’ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সোমবার দল থেকে বেরিয়ে আসা ‘বিদ্রোহী’ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি হাওড়ার মধ্য বিধানসভার বিধায়ক ও সাবেক মন্ত্রী অরূপ রায়কে নতুন চেয়ারম্যান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার ( ২৩ জুন) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা এবার দলীয় প্রতীক নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা শুরু হয়েছে। তারা নির্বাচন কমিশনে নতুন কমিটির তথ্য জমা দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানা গেছে।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে বিদ্রোহী নেতাদের ‘বেঈমান’ আখ্যা দিয়ে আটজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তবে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্রোহী পক্ষ ইতোমধ্যে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ায় (এনসিপিআই) যুক্ত হয়েছে এবং প্রতীক দখলের আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে।
উল্লেখ্য, ‘জোড়া ঘাসফুল’ প্রতীকটি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের পরিচয়ের অংশ। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল গঠনের পর থেকেই এই প্রতীক ব্যবহার হয়ে আসছে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলটির পরিচিতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
শীর্ষনিউজ