সিলেট ছাড়ার আগে জেলাবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন সারওয়ার আলম। প্রত্যাহারের আদেশ কার্যকর হওয়ার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল তিনটার ফ্লাইটে সিলেট ছাড়েন সারওয়ার আলম।
এর আগে, দুপুর দেড়টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।
জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সারওয়ারকে প্রত্যাহারের কারণ বা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করেন।