Image description

অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার চাপের মধ্যে থাকা পাকিস্তানের জন্য নতুন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সৌদি আরবে ৫ হাজার ৫০০-এর বেশি পাকিস্তানি ভিক্ষুক আটক করা হয়েছে বলে দেশটির পার্লামেন্টে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য স্বীকার করেন। তিনি বলেন, সৌদি আরব যখন হাজার হাজার ভিক্ষুক আটক করে পাকিস্তানের নাগরিক বলে জানায়, তখন তা দেশের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী কর্মরত থাকলেও সেখানে ভিক্ষাবৃত্তি ও অবৈধ অভিবাসন চক্রের উপস্থিতি দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করেন তিনি।

পার্লামেন্টে মন্ত্রী আরও জানান, বর্তমানে পাকিস্তানের ২৩টি দেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্ব চুক্তি রয়েছে এবং আরও পাঁচটি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি প্রক্রিয়াধীন।

অর্থনৈতিক চাপ, নিরাপত্তা পরিস্থিতি ও অভিবাসন ইস্যুর মধ্যে পাকিস্তান এখন অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক—দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে।

শীর্ষনিউজ