কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার বোর্ড খাতা মূল্যায়নের কাজে একজন ১০ম শ্রেণির শিক্ষার্থীকে সম্পৃক্ত করার অভিযোগ উঠেছে। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এতে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া। অভিযোগ অনুযায়ী, তিনি নিজে খাতা মূল্যায়ন না করে একজন এসএসসি পরীক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র দেখানোর কাজ করান।
স্থানীয়রা জানান, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন একটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব। নির্ধারিত শিক্ষক ছাড়া অন্য কাউকে, বিশেষ করে পরীক্ষার্থীকে এই কাজে যুক্ত করা হলে ফলাফলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
একাধিক অভিভাবক বলেন, এ ধরনের অনিয়ম শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ/