কুমিল্লা মহানগরীতে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি নামে আট বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর মফিজাবাদ কলোনিতে শিশুটির নানার বাড়িতে তার মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে মাসহ বাসায় ফিরছিল স্মৃতি। জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে তারা হেঁটেই রওনা দেয়। ফুটপাত দিয়ে যাওয়ার সময় স্মৃতি মায়ের হাত থেকে ছিটকে স্লাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায়। ১০ থেকে ১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভিতরে আটকে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়, ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা এবং অনেক স্লাব ভাঙা অবস্থায় ছিল। টানা বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খোলা ড্রেন ও ভাঙা স্লাব পানির নিচে ঢেকে যায়, ফলে পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। নগরীর অরক্ষিত সব স্লাব ঢেকে দেওয়া হবে। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে সাধ্যানুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’