হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার এক শিশুর।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৮৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। হাম ও উপসর্গে মারা গেছে ৬৮০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯২ হাজার ৭৯০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ হাজার ৮৫৯। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭২ হাজার ৮৪৯ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১১ হাজার ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।