Image description

তুরস্কের ইতিহাসে এই প্রথম উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এমন একটি দেশে যুদ্ধজাহাজ রফতানি করা হয়েছে। রোমানিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি বিক্রয় চুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে বলে শনিবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

 

ইস্তাম্বুলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান এই ঘোষণা দেন। অনুষ্ঠানটি মূলত রোমানিয়ান নৌবাহিনীর কাছে অফশোর পেট্রোল ভেসেল ক্যাম রোমান নামক যুদ্ধজাহাজটি হস্তান্তর এবং একই সঙ্গে তুর্কি নৌবাহিনীর জন্য নতুন কিছু প্ল্যাটফর্মের কমিশনিং ও পতাকা উত্তোলন উপলক্ষে আয়োজন করা হয়েছিল। সেখানে দেওয়া বক্তব্যে নৌ-প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান সক্ষমতার চিত্র তুলে ধরেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, রোমানিয়ার সঙ্গে আমরা যে বিক্রয় চুক্তিটি সই করেছি, তার মাধ্যমে তুরস্কের ইতিহাসে প্রথমবার কোনও ন্যাটো এবং ইইউ সদস্য রাষ্ট্রে যুদ্ধজাহাজ রফতানি করা হলো।

এরদোয়ান জানান, তুরস্ক এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য ১৪০টিরও বেশি নৌ-প্ল্যাটফর্ম তৈরি করেছে। দেশের সামরিক জাহাজ নির্মাণ খাত বর্তমানে তুর্কি প্রজাতন্ত্রের ১০৩ বছরের ইতিহাসের সবচেয়ে নিবিড় এবং উৎপাদনশীল দিন পার করছে বলেও বর্ণনা করেন তিনি। একই সঙ্গে বর্তমানে বিশ্বের যেসব দেশের একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধজাহাজ নির্মাণ করার সক্ষমতা রয়েছে, তুরস্ক তাদের অন্যতম বলেও উল্লেখ করেন তিনি।

 

অংশীদার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ভাগ করে নেওয়াকে তুরস্ক নিজেদের কর্তব্য বলে মনে করে।

 

তিনি স্পষ্ট করে বলেন, তুরস্কের লক্ষ্য আমাদের অঞ্চলে কোনও ধরনের উত্তেজনা তৈরি করা নয়, বরং শান্তি, ন্যায়বিচার, প্রশান্তি ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করা।

 

তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত অশান্ত ও পরিবর্তনশীল উল্লেখ করে এরদোয়ান সতর্কবার্তা দেন। তিনি বলেন, যেসব দেশের যুদ্ধক্ষেত্রে বা বাস্তবে নিজস্ব শক্তি নেই, আলোচনার টেবিলে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে তাদের বেশ বেগ পেতে হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি