Image description

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় প্রায় ১৬ বছর পর সরব হয়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। দীর্ঘদিন পর আলোচনায় আসা এই ইস্যুতে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে বিচার না হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

 

সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে পুরনো সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন প্রভা। সেখানে তিনি ওই সময়ের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল ও হয়রানির বিষয়ে কথা বলেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়ান।

এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাস দেন নির্মাতা শিহাব শাহীন।

তিনি লেখেন, ‘টাইমলাইনে ছবিটা এলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কিভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।

 

তিনি আরো লেখেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে।

 

May be an image of one or more people, henna, people smiling and wedding

নির্মাতার ওই পোস্টের পর অভিনেত্রী ফারিন খানও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘এই অসভ্য ছেলের কেন কোনো শাস্তি হলো না? এত বড় একটা অন্যায় করার পরেও?’

এ ছাড়া অভিনেত্রী সিনথিয়া তার পোস্টে লিখেছেন, ‘প্রভাকে নিয়ে এখন তারকাসমাজ সোচ্চার। ১৫/১৬ বছর পর। কিন্তু এই প্রভাকেই মিডিয়ার প্রডিউসার, ডিরেক্টররা পরে বড় বড় প্রজেক্টে নেয়নি। যারা প্রভাকে নিয়ে এক যুগ পর সুশীল হলো তারা আবার আগের মতো তাকে কাস্ট করে দেখিয়ে দিক যে প্রভা একজন ভিক্টিম। প্রভা যে সাহসটা দেখিয়েছে এটা এই দেশে দরকার ছিল। প্রভার ১৫/১৬টা বছর লাগল একজন ফাইটার হতে।’

এছাড়াও গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সবার একটাই প্রশ্ন, ‘রাজীবের বিচার হলো না কেন?’

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পরই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হলে ভেঙে যায় অপূর্ব–প্রভার সংসার।