Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার শুক্রবার বিকেলে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট করা হয়।

 

এ ঘটনায় বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে পরে বগুড়া সদর থানায় মামলা রেকর্ড করা হয়।

 

মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস এবং ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার আবেদনে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তানভীর আলমকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

 

মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৬ সহ সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

 

ডিবি পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অন্য আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।