Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, অথচ বিগত দিনে জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অজু করা লাগবে, এ কথা তারাই বলেছে।

 

শুক্রবার (১৯ জুন) ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া, জেলা পরিষদের মতো জায়গায় নিজের ক্যাডার ও দলীয় নেতাদের বসিয়ে দেওয়া—এভাবে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না।

বিরোধী দলকে সবচেয়ে বেশি তুচ্ছতাচ্ছিল্য করত আওয়ামী লীগ। এখন বিএনপিও ওই পুরনো আওয়ামী লীগ যা বলত, তাদের কথাগুলো তারাও জপা শুরু করেছে—যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে। আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর খায় না। আমরা আশা করতে চাই, সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক, জনবান্ধব নীতিতে ফিরে আসবে।

 

তিনি আরো বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। নারায়ণগঞ্জে এসে ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি। চাঁদাবাজরা তাদের ভালো থাকতে দিচ্ছে না।

বক্তব্যের শেষে সিটি করপোরেশনগুলোতে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি শফিকুর রহমান। সেই সঙ্গে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।