Image description

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কেশবপুর গ্রামে ৮ মাস বয়সী এক শিশুকে জীবিত অবস্থায় কবর দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

 

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে শিশুটির মা শাহনাজ আক্তার বাড়ির পাশে একটি মাটির ঢিবির পাশে গর্ত খুঁড়ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্র আরো জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

ঘটনার আগের রাতে তাদের মধ্যে ব্যাপক ঝগড়ার কথাও জানান প্রতিবেশীরা।

 

শিশুটির বাবা হারুন মিয়া অভিযোগ করে বলেন, তার স্ত্রী প্রায়ই সন্তানকে লালন-পালন করতে অনীহা প্রকাশ করতেন এবং বিভিন্ন সময়ে শিশুটির প্রতি অবহেলার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, শিশুটি ছোটবেলা থেকেই মায়ের অবহেলার শিকার ছিল বলে তারা লক্ষ করেছেন। অতীতে শিশুটির ওপর নির্যাতনের অভিযোগও স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়।

 

অন্যদিকে, শিশুটির মা শাহনাজ আক্তার স্থানীয়দের উপস্থিতিতে দাবি করেন, তিনি সন্তানকে কবর দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়েননি। তার ভাষায়, রাগের মাথায় তিনি ওই কাজ করেছিলেন এবং সন্তানদের প্রতি অবহেলার অভিযোগও সঠিক নয়।

এ ঘটনায় শিশুটির দাদা ও অন্যান্য স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জানান, পরিবারটিতে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং বিষয়টি বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।