রাজধানীর উত্তরায় ‘হ্যান্ডস ক্লোথিং বিডি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মালিকের বাসা ঘেরাও করে মধ্যরাতেও বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ৭১ নম্বর বাসার সামনে শতাধিক শ্রমিক এই অবস্থান কর্মসূচি শুরু করেন। সর্বশেষ রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।
জানা গেছে, উত্তরার এই বাড়িটি গাজীপুরের মাস্টারবাড়ি এলাকার অবস্থিত ‘হ্যান্ডস ক্লোথিং বিডি লিমিটেড’ কারখানার চেয়ারম্যান ওমর ফারুকের।
অবস্থানরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে উল্টো তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গত এপ্রিল মাসের শেষ দিকে কোনো নোটিশ ছাড়াই মালিকপক্ষ কারখানাটি হঠাৎ বন্ধ করে দেয়। এরপর থেকে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি।
কারখানার সিনিয়র অপারেটর সাদিয়া সুলতানা শাহিনা বলেন, আমাদের কারখানা বন্ধ করে দিয়ে মালিক অন্য আরেকটি কারখানা চালাচ্ছেন। আমাদের বকেয়া বেতনের তারিখ দিয়ে দিয়ে তিন মাস পার করা হয়েছে। গত ১৪ জুন ফ্যাক্টরি খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। বাধ্য হয়ে আমরা মালিকের বাড়ি ঘেরাও করেছি।
তিনি আরও বলেন, বেলা ১১টা থেকে আমরা এখানে অবস্থান করছি। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলেও মালিক আমাদের কোনো খোঁজ নেননি। রাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা এবং চেয়ারম্যানের ছেলে এসেছেন। তারা বলছেন, আগামী রোববার আবার মিটিংয়ে বসবেন। কিন্তু কারখানা বন্ধের পর শ্রম আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পাওয়ার কথা, তা তারা দেননি। যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট সমাধান না হবে, আমরা এখান থেকে যাব না।
মো. হাবিকুল ইসলাম নামের আরেক শ্রমিক জানান, ঈদের আগে আমাদের বেতন-বোনাস কিছুই না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। মালিকপক্ষ বিকেএমইএতে একটি বৈঠক ডেকেছিল। সেখানে বিকেএমইএর পক্ষ থেকে বকেয়া ও পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও এর ১০ মিনিটের মধ্যে গার্মেন্টস মালিকসহ সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয়ে যান।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির মধ্যে তাদের গেটের ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি, এমনকি এক গর্ভবতী নারী শ্রমিককে বাথরুম ব্যবহারের সুযোগ না দিয়ে উল্টো দুর্ব্যবহার করা হয়েছে।
কারখানার আয়রনম্যান নূর জালাল বলেন, আমাদের বারবার শুধু আশ্বাস আর তারিখ দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়নি। অবস্থান কর্মসূচি চলাকালে চেয়ারম্যানের ছেলে ফাহিম এসে আমাদের টাকা তো দেনইনি, উল্টো হুমকি-ধমকি দিচ্ছেন। আমরা এবার পাওনা আদায় না করে এখান থেকে সরব না।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ‘হ্যান্ডস ক্লোথিং বিডি লিমিটেড’ মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।