Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ঘিরে নির্মিত অস্থায়ী প্যান্ডেল বৈরী আবহাওয়ার মধ্যে ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই ঘটে এ ঘটনা।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই চা শ্রমিক, আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। তবে দুপুরের আগেই শুরু হয় বৃষ্টি ও দমকা হাওয়া। একপর্যায়ে মূল মঞ্চের সামনে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল হঠাৎ ভেঙে পড়ে।

 
 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্ডেল ধসের সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও নিরাপত্তার স্বার্থে পরে ভেঙে পড়া কাঠামো দ্রুত সরিয়ে ফেলা হয়।

 

প্যান্ডেল অপসারণের পর প্রবল বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয় হাজারো মানুষকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে মাথার ওপর চেয়ার তুলে আশ্রয় নিতে দেখা যায়। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

 

অনুষ্ঠানস্থলে উপস্থিত সিরাজ মিয়া বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী আসবেন, তাই আয়োজনও মানসম্মত হওয়ার কথা ছিল। কিন্তু সামান্য ঝড়-বৃষ্টিতেই প্যান্ডেল ভেঙে পড়েছে। এতে আয়োজকদের দায়িত্বহীনতাই প্রকাশ পেয়েছে।’

চা বাগান থেকে আসা রীতা হাজরা বলেন, ‘আমরা অনেক দূর থেকে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছি। কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মাথার ওপর কোনো ছাউনি ছিল না। অনেকেই কষ্ট পেয়েছেন।’

শুধু প্যান্ডেল নয়, বৃষ্টির পানি প্রধানমন্ত্রীর জন্য নির্মিত মূল মঞ্চেও পড়তে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের ছাদে পানি জমে গেলে কর্মীরা বাঁশ দিয়ে খোঁচা দিয়ে সেই পানি নামানোর চেষ্টা করেন।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানস্থলের মঞ্চ, প্যান্ডেল ও সাজসজ্জার দায়িত্বে ছিল ঢাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তবে বর্ষাকাল বিবেচনায় রেখে টেকসই অবকাঠামো নির্মাণে যথাযথ প্রস্তুতির ঘাটতি ছিল বলে অভিযোগ উঠেছে।

এদিকে দুপুর ১টায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত থাকার সময়ও মঞ্চের ভিতরে পানি পড়তে দেখা যায়।

অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ঢাকার একটি বেল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত কাজ করেছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মঞ্চের সামনের একটি প্যান্ডেল ভেঙে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।