Image description

নোয়াখালীর সেনবাগে স্কুলের ক্যাম্পাসে ঢুকে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ওই দুই ছাত্রীকে।

বুধবার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ ও সেনবাগ থানা পুলিশ।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল পৌনে ১০টার দিকে বহিরাগত তিনজন স্কুলে ঢুকে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে চকলেট দেন। তাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। সেটি দেখে অন্য শিক্ষার্থীরা ওই তিন কিশোর ও দুই ছাত্রীকে আটকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের পর তিনজনকে থানায় পাঠান প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল। বহিষ্কার করেন দুই ছাত্রীকে। 

মুক্তার বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের আটক করে আমার অফিসে নিয়ে আসে। আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নম্বর দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

প্রধান শিক্ষকের ভাষ্য, ‘বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে আড্ডা দেয়। কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বললেন, ‘স্কুলে তিনজনকে আটক করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তিন কিশোরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে- জানালেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। তিনি বললেন, ‘দুই ছাত্রীকে বহিষ্কারের বিষয়ে পরে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’