Image description

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে এসবি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে পদ্মায় পড়ে যায়। তবে উদ্ধার কার্যক্রম শেষে হতাহতের খবর পাওয়া যায়নি। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাম্প ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে।

স্থানীয় প্রশাসনের নির্দেশনায় আগে থেকেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। ফেরির কর্মরত স্টাফরা বলেন, বাসটি ৭ নম্বর ঘাটে থাকা ‘কবরী’ নামের ফেরির কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় ফেরির বিপরীত পাশের র‌্যাম্প ভেঙে যায় এবং বাসটি সরাসরি নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয় প্রশাসন আগেই নির্দেশ দিয়েছিল, ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা মেনে যাত্রীদের আগেই নামিয়ে দেয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে বাসটির চালক ও সহকারী (হেলপার) নদীতে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ শুরু করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে উদ্ধার করে। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মো. মুন্‌জুর মোরশেদ, এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাসীর হাসান, গোয়ালন্দ ঘাট থানা ওসি মো. মমিনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডুবে যাওয়া বাসের এক নারী যাত্রী হাবিজা খাতুন বলেন, আমি কুষ্টিয়া থেকে বাসে উঠেছিলাম। গাড়িতে যাত্রী দিয়ে ভরা ছিল। ঘাটে এসে ফেরিতে ওঠার আগে বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। আমি শেষে বাস থেকে নেমেছি। তখন বাসে শুধুমাত্র হেলপার আর ড্রাইভার ছিল। কুষ্টিয়া থেকে বাসটি ৭টায় ছেড়ে আসে।