রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৭ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের মালামাল রাখার স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত এবং ক্ষতক্ষতির পরিমাণ জানা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। যতটুকু জানতে পেরেছি, কুরিয়া সাইডে আগুন লেগেছিল। পরে সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, রাত ১১টা ২৭ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে ৩৭টি ইউনিটের সঙ্গে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটকেও মাঠে নামতে হয়।