Image description

ফেনীর সোনাগাজী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

 

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সোনাগাজী বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

 

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক ও দল মনোনীত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।

 

এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এস নাহিয়ান হিমেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

 

দলীয় সূত্রে জানা যায়, নতুন করে যোগদানকারীদের মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, খতিব, প্রভাষক, চিকিৎসক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা রয়েছেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুজা উদ্দিন সজীব বলেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হচ্ছে।