রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পল্লবী থানা পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ বলছে, একে অন্যের প্রতি গভীর আকর্ষণ থেকে তারা নিখোঁজ হয়েছিলেন।
শুক্রবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হন। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১৭ বছর বয়সী আরেক কিশোরী ও তার ছোট বোন (১৩) নিখোঁজ হন।
পল্লবী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত মঙ্গলবার এক ব্যক্তি থানায় এসে জানান যে তার মেয়ে সোমবার বিকেল ৪টার দিকে তার বান্ধবী ও বান্ধবীর ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অন্য কিশোরীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়।
এ ঘটনায় পল্লবী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।
এন এম নাসিরুদ্দিন আরও বলেন, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই দুই শিক্ষার্থী একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত।
এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এক কিশোরী গত সোমবার দুপুরে তার মাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, সোনার গহনা ও কাপড়-চোপড়সহ তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। পরবর্তীতে অন্য কিশোরীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করেন।
উদ্ধার তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।