Image description

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে সহিংস ঘটনা ও বিশৃঙ্খলা নজর কেড়েছে আয়োজক দেশগুলোয়। এমনকি বিশ্বকাপ শুরুর সপ্তাহেও মেক্সিকোয় বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। ফিফার এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত হয়েছে ফুটবলারদের রেপ্লিকা/ম্যানিকিন। সেসব রাস্তায় ভেঙে ফেলে বিশ্বকাপ ভন্ডুল করে দেওয়ার হুমকি দিচ্ছেন বিক্ষোভরত শিক্ষকরা।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সিটিতে বিশ্বকাপবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষকরা ফুটবলারদের বড় বড় ভাস্কর্য ভেঙে ফেলেছেন। টুর্নামেন্ট উপলক্ষ্যে নির্মিত প্রায় পাঁচ মিটার উঁচু প্লাস্টিকের রেপ্লিকা শিক্ষক ইউনিয়নের একটি অংশ দড়ি দিয়ে টেনে ফেলে দেয় এবং তাতে নানা স্লোগান লিখে দেয়।

মূলত শিক্ষক সংগঠন সিএনটিই শ্রমিক অধিকারসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে, ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের আগে ব্যাপক বিক্ষোভের হুমকি দিয়েছে তারা। এ ছাড়া মাদকচক্রের সঙ্গে কার্টেল সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নেতৃত্বে স্থানীয়দের আরও বিক্ষোভ আসন্ন সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার শঙ্কা রয়েছে, যার অল্প সময়ের ব্যবধানে পর্দা উঠবে বিশ্বকাপের।

আন্দোলরতদের ক্ষোভের আগুনে পুড়ছে ফুটবলারদের প্রতিমূর্তি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– বিক্ষোভকারীরা দড়ি ব্যবহার করে বেলজিয়াম, ফ্রান্স এবং স্পেনসহ বিভিন্ন দেশের জার্সি পরিহিত তিনটি ভাস্কর্য ফেলে দিচ্ছে। পরে সেগুলোর জার্সি খুলে আগুন ধরিয়ে দেয় তারা। খালি গায়ের একটি ম্যানিকিনের গায়ে লাল রঙে লেখা হয়, ‘সিএনটিই দীর্ঘজীবী হোক।’ আরেকটিতে লেখা হয়, ‘সমাধান না হলে বল মাঠে গড়াবে না।’ তবে মেক্সিকোর জার্সি পরা ম্যানিকিনটি অক্ষত রাখা হয়। 

এসব ঘটনায় হস্তক্ষেপ করেনি পুলিশ। অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম চলমান বিক্ষোভকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সরকারের এক বিবৃতিতে আলোচনায় ফিরে আসারও আহ্বান জানানো হয়।

অন্যদিকে, সোমবার জোকালো চত্বরে সিএনটিইর আরেকটি মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। মঙ্গলবারও পুলিশ ধাতব ব্যারিকেড দিয়ে চত্বরটি ঘিরে রাখে। সিএনটিইর ভিন্নমতাবলম্বী অংশ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে এবং পেনশন সংস্কারের বিরোধিতা করছে। শিক্ষক ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে বসে সরকার যে ৯ শতাংশ বেতন বৃদ্ধি চুক্তি করেছিল, সেটিও প্রত্যাখ্যান করেছে তারা।