বিয়ে করেছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।
দীপ্তি জানান, আজ তাদের আকদ হয়েছে।
এদিকে সামাজিকমাধ্যমে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে দীপ্তি লেখেন, মাস্টার সাহেব, আপনি আমার জন্য দু’ফোটা চোখের জল ফেলেছেন; তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!
অন্যদিকে ফেসবুকে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন দীপ্তি।
তিনি আরও লেখেন, আমার জীবনে দেখা সবচেয়ে নির্মল মনের মানুষটিকে পেয়েছি।
জানা গেছে, দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন শিক্ষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি-তে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আইয়ে আয়োজিত ‘টু দ্য পয়েন্ট’ টকশো-তে উপস্থাপক দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়েছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন আচরণের কারণে সেই সময়ে নিন্দিত হন সাবেক এই বিচারপতি।
সেই একই ভিডিওটিতে দেখা যায়, দীপ্তি চৌধুরী নিজেকে ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ উল্লেখ করে বিচারপতি মানিকের এ বক্তব্যের প্রতিবাদ করছিলেন। দীপ্তির এই দৃঢ়তা সেই সময়ে হয় নন্দিত। এমনকি দীপ্তির এমন তেজদীপ্ত আর বলিষ্ঠ প্রতিবাদ ছুঁয়ে যায় জুলাই আন্দোলনকে!
বর্তমানে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টসহ স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।