Image description

নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের সভাপতিত্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভায় গৃহীত হয়েছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র।

সোমবার রাত ৯টার দিকে অনলাইনে অনুষ্ঠিত সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মিনিটব্যাপী অনুষ্ঠিত সভায় পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের সবাই অংশ নেন। নিয়মিত পর্ষদ সভার মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে এজেন্ডাভুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শেষে ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

ইসলামী ব্যাংকের এক স্বতন্ত্র পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকাল থেকে খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জামায়াত-সমর্থিত আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের কারণে চেয়ারম্যান খুরশিদ আলম সরাসরি প্রধান কার্যালয়ে গিয়ে সভায় অংশ নিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে দুপুর আড়াইটার দিকে অনলাইন প্ল্যাটফর্মে পর্ষদ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিক্ষোভকারীদের চাপের মুখে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে রাত ৯টার দিকে অনলাইনে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।