Image description

ঈদুল আজহার ৫ দিনের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়কে নিভে গেছে ৩৮ তাজা প্রাণ। এদের মধ্যে ঈদে বাড়ি ফিরতি মানুষ যেমন রয়েছে তেমনি বেপরোয়া মোটরসাইকেলের আরোহীও রয়েছে। নিহতদের মধ্যে- নেত্রকোণায় ৬, ময়মনসিংহে ৪, নাজিরপুরে ৩, চট্টগ্রামে ৩, গাইবান্ধার পলাশবাড়ীতে ৫, চিরিরবন্দরে দুই শিক্ষার্থী, ফটিকছড়িতে ২, মুন্সীগঞ্জে অজ্ঞাত নারী, গলাচিপায় দুই তরুণ, গৌরনদীতে ৩, মিঠামইনে সন্তানসহ স্বামী-স্ত্রী, শাহজাদপুরে যুবক এবং কুষ্টিয়ায় একজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

নেত্রকোণা সংবাদদাতা ও কলমাকান্দা প্রতিনিধি জানান, ঈদুল আজহার ছুটিতে নেত্রকোণায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-বাবা ও দুই কন্যা নিহত হয়েছেন। এ ছাড়া শুক্রবার জেলার কলমাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডোবায় পড়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইপাস সড়ক অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আয়নাল হক, তার স্ত্রী নুরজাহান বেগম এবং তাদের দুই কন্যা সন্তান স্মৃতি ও ইতি। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক রেহানকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে জেলার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডোবায় পড়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন, কলমাকান্দার ঘোষপাড়া এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব মিয়া (২৪) এবং একই এলাকার সজীব মিয়ার ছেলে সোহান মিয়া (২০)। আহত হয়েছেন ঘোষপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (১৮)।

স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এর আগে গত ২৭শে মে রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম। নিহতরা হলেন- কলারদোয়ানিয়া ইউনিয়নের মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন ও তাদের পুত্রসন্তান আরমান (৬)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ ৫ জন নিহত হয়।

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, ঈদুল আজহার দিন চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে ২০-২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের উপর অবস্থিত ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের একটি বাস ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার এক নারী, ২৭ ও ২৬শে মে দুইজন করে নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকার সায়েদাবাদ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ সাফা ব্যানারের একটি যাত্রীবাহী বাস রোববার সকাল ৬টা ২০মিনিটে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ড্রাইভার ঘুমের ঘোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে গাড়িতে থাকা যাত্রী রিক্তা বেগম (২৮) ঘটনাস্থলে নিহত হয়। নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী। এর আগে ২৭শে মে রাত পৌনে একটার দিকে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী নৈশকোচ অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক ছিদ্দিক (৪০), যাত্রী কলেজছাত্র হাসান (১৮) ও মারুফ (১৭) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে রিকশাচালক ছিদ্দিক ও কলেজছাত্র হাসান মারা যান। এ ছাড়া ২৬শে মে রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন (২৬)। পথিমধ্যে রাত ১১টার দিকে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর রাইগ্রাম নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপারের সময় ওসমান গনী (৬০) নামের এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক আলমগীর মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় ওছমান গনী (৬০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুর-রংপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজের উপর মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০শে মে বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা. আশরাফুল খালেদ সাগরের ছেলে, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ও তার বন্ধু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার আশরাফ হোসেন দুলাল হোসেনের ছেলে আহনাদ তহমিদ রিয়াদ (১৮)।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে একইদিনে দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার বিকালে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে বেড়াতে যাওয়া ফটিকছড়ি আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা জয় মল্লিক (১৮) এবং রাউজান নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা সীমান্ত দাশ (২২) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, গলাচিপা উপজেলায় ঈদের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌর শহরের শ্যামলীবাগ এলাকার মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার এবং একই এলাকার আবু মিয়ার ছেলে মো. ফয়সাল। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর এলাকা থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল গলাচিপার দিকে আসছিল। এ সময় একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদীর বাটাজোর এলাকায় বেপরোয়া গতির তাজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হলে পেছন থেকে বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের সন্তান নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের একমাত্র সন্তান আয়ান (৬)।

পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধ্যার দিকে মিঠামইন থেকে চালবোঝাই একটি পিকআপভ্যান অষ্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহী মনির হোসেন স্ত্রী-পুত্রকে নিয়ে অষ্টগ্রাম থেকে মিঠামইনে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতুর কাছে পিকআপটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের সবাই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, ঈদের দিন রাত সাড়ে ৯টার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ডে সিএনজি পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর এলাকার দারিয়াপুর মহল্লার শাহীন সরকারে ছেলে ইব্রাহিম (২২) মারা যায়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্যবাহী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল ইসলামের (৪৫) বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে।