নেত্রকোণায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন-সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।
স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। আহত হন তিনজন।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।