বিশ্বব্যাপী আলোচিত জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল লেখা ও মার্কিন প্রেসিডেন্টের নাম ব্যবহার করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির অভিযোগে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুধু বানান ভুল নয়, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি প্রাণীর নাম প্রদর্শন এবং পরে সেটির ভুল উপস্থাপন প্রশাসনিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিষয়টি উচ্চপর্যায়ে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে গত বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। তাকে অধিদপ্তরের লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ (এলডিটিআর) পদে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে এলডিটিআর পদে কর্মরত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ করা না হলেও সেখানে বলা হয়েছে, জনস্বার্থে এ রদবদল কার্যকর করা হয়েছে।