Image description

শিল্পাঞ্চলে শুরু হয়েছে ঈদের ছুটি। কর্মজীবীরা পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটছেন গ্রামে। এতেই গাজীপুরের দুই মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া পরিবহনগুলোতে ভাড়া কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

 

সোমবার (২৫ মে) সকাল থেকে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। এরমধ্যে বৃষ্টি শুরু হলে কয়েক ঘণ্টা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দুপুরের দিকে কারখানা ছুটি হলে বিকেলে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়।

 

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কড্ডা থেকে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার ও চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

 

সোমবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর চাপ বাড়ে। গাজীপুর ছাড়াও সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ থেকে যাত্রীরা গাজীপুর হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকায় যাত্রীদের চাপ সবচেয়ে বেশি।

 

এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদুৎ, চন্দ্রা, খাড়াজোড়া, বাইমাইল এলাকায় যাত্রীদের চাপ বেশি। অতিরিক্ত যাত্রীদের চাপে বিকেল সাড়ে ৪টার দিকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

এদিকে যাত্রীরা অভিযোগ করেন, যানবাহনের সংকট না থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। রপ্তানি হতে চন্দ্রার ভাড়া ২০-৩০ টাকা, নেওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। টাঙ্গাইলের ভাড়া সর্বনিন্ম ৫০০ টাকা ও উত্তরবঙ্গে সর্বনিন্ম এক হাজার টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

 

রংপুরগামী যাত্রী মেহেদী হাসান বলেন, আমি রপ্তানিতে চাকরি করি। রাস্তাঘাটে খুব খারাপ অবস্থা, যানজট। রপ্তানি হতে চান্দুরার ভাড়া ২০ টাকা, কিন্তু আজ ১৫০ টাকা নিলো। চন্দ্রায় এসে দেখি গাড়ির নড়াচড়া বন্ধ।

 

তোফায়েল নামে এক যাত্রী বলেন, ৩০ মিনিট ধরে সফিপুর ফ্লাইওভার বসে আছি। আগেই বের হলাম, কিন্তু সেই যানজটেই পড়লাম। এখন দেখা যাক বাড়ি যেতে কত সময় লাগে।

 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ। আজ অনেক কারখানা ছুটি হয়েছে, দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়বে। এই চাপ ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। অতিরিক্ত যাত্রীর চাপে চন্দ্রার আশপাশের এলাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।