Image description

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ারকর্মীদের।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বস্তিটিতে আগুনের তীব্রতা অনেক। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণের। কিন্তু ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আমাদের।

আজ সোমবার রাত ৭টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে। এরপর পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে মোট ১৩টি ইউনিট কাজ করছে আগুন নেভাতে।

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো। দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। ফলে আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বস্তিটিতে এর আগেও কয়েকবার আগুন লাগে। এর মধ্যে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর ও ২০২০ সালের ২৫ নভেম্বর অগ্নিকাণ্ডের বড় ঘটনা ঘটেছে। সাধারণত ঘনবসতি, অপরিকল্পিত ঘরবাড়ি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসব বস্তিতে বারবার আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।