ঈদ ঘিরে রাজধানীর বিপণিবিতানগুলোর পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের অস্থায়ী দোকানও। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ফুটপাতের দোকান এখন কেনাকাটার অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পান্থপথ, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট এলাকা, মালিবাগ ও মধ্যবাড্ডার ফুটপাতে ক্রেতার উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কম দামে পাওয়া যায় প্রয়োজনীয় পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রী।
সরেজমিন দেখা যায়, মালিবাগ-মৌচাক এলাকায় ফুটপাতে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, জিন্স, শিশুদের পোশাক ও বিভিন্ন ফ্যাশনসামগ্রী। দোকানিদের হাঁকডাকে মুখর পুরো এলাকা। অনেকেই ঘুরে ঘুরে পছন্দের জিনিস কিনছেন। তুলনামূলক কম দামে পণ্য পাওয়ায় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও ঝুঁকছেন ফুটপাতের বাজারে। মালিবাগে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী নাসরিন আক্তার বলেন, ‘বাজারে সবকিছুর দাম অনেক বেড়েছে। শপিং মলের একটি পোশাকের দামে এখানে ২-৩টি কেনা যায়। তাই এখান থেকেই কেনাকাটা করছি।’
মধ্যবাড্ডার বিক্রেতা রফিকুল জানান, ‘ঈদ ঘিরে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। শিশুদের পোশাক ও ছেলেদের পাঞ্জাবির চাহিদা বেশি। মানুষ এখন হিসাব করে খরচ করছে। তাই কম লাভে বেশি বিক্রির চেষ্টা করছি।’ একই চিত্র নিউমার্কেট এলাকার ফুটপাতেও। সেখানকার বিক্রেতারা জানান, দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার চাপ থাকে। এলিফ্যান্ট রোড ও সুবাস্তু এলাকার মার্কেটেও ভিড় দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে ঈদের বাজার। সাশ্রয়ী মূল্যে শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। দিনে ভিড় কম থাকলেও সন্ধ্যার পর ক্রেতার আনাগোনা আরও বেশি থাকে। সংশ্লিষ্টরা বলছেন, মাসিক আয় ৪০ হাজার টাকার নিচে এমন মানুষ রাজধানীতে কম নয়। তাদের অবস্থা সহজেই অনুমেয়। বর্তমানে মধ্যবিত্তের সব ব্যয় নির্বাহ করে সমাজে টিকে থাকাই কঠিন। তারা কোনোরকম পেটে-ভাতে টিকে আছেন।
অর্থনীতিবিদদের মতে সাধারণত নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার ভরসা ফুটপাতের দোকান। সেখানে সাশ্রয়ী দামে এবং দরদাম করে পণ্য কেনার সুযোগ থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর বাড়তি চাপ বাড়ছে। তাই স্বল্পমূল্যের বাজারগুলোর প্রতি তাদের আগ্রহও বাড়ছে। ফুটপাতের এসব অস্থায়ী বাজার শুধু কেনাকাটার স্থান নয়, বরং সীমিত আয়ের মানুষের ঈদের আনন্দ টিকিয়ে রাখার বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছে।