Image description

আগের সরকারের অবহেলা ও টিকাদান ব্যবস্থার দুর্বলতার কারণেই সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এই ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার চেয়ে হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়াই সরকারের কাছে বেশি জরুরি।

শনিবার (২৩ মে) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

হামের চিকিৎসা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসকদের আসন্ন ঈদে ছুটি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে সেই লক্ষ্য ছাড়িয়ে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এ সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেশন, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও এনআইসিইউর (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) অভাবে রোগী ও অভিভাবকদের চরম ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। এই সংকট মোকাবিলায় রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজারসহ পর্যাপ্ত স্যালাইন সরবরাহের আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, আইএফআরসি বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে সমন্বয় করে ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। এতে হামে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

হাম প্রতিরোধে অভিভাবকদের পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের নিয়ে কোনো জনবহুল স্থানে চলাফেরা কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া থেকে আপাতত বিরত থাকতে হবে।