Image description

খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) এবং জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর সশস্ত্র সদস্যদের মধ্যে দিনভর গোলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে খাগড়াছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়।

 
পরে সশস্ত্র সদস্যরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) বলেন, ‘খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান হবে না।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনভর পানছড়ির দুর্গম এলাকায় বিবদমান দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে দফায় দফায় গোলাগুলির খবর পাওয়া যায়।