Image description

চট্টগ্রাম মহানগরে পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাকলিয়া থানা এলাকা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ থানায় নিয়ে গেলে আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ২৫ মিনিটের দিকে বাকলিয়া কলেজ থেকে কর্ণফুলী সেতু এলাকায় এ চিত্র দেখা গেছে। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে বাকলিয়া থানায় নিয়েছেন পুলিশ সদস্যরা।

ওই সময় অভিযুক্তকে ছিনিয়ে নিতে না পেরে বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকেও এ সংঘর্ষ থামেনি।

শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নোবেল হাসান নামে এক সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া পুলিশ ও আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তিনি স্থানীয় একটি ডেকোরেটর দোকানে চাকরি করেন বলে জানা গেছে। ওই দোকানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্ত আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে।