Image description

ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শুরু হচ্ছে কলকাতায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত তিন দিনব্যাপী এই বৈঠক চলবে। আর এইবৈঠকে অংশ নিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আজ বুধবার কলকাতায় পৌঁছেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ছয় সদস্যের এই দলটি তিন দিনব্যাপী বৈঠক করবে এবং ফারাক্কা ব্যারাজে যৌথ প্রবাহ পরিমাপ স্থল পরিদর্শন করবে।

বাংলাদেশের প্রতিনিধিদলের এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তির নবায়ন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গত বছর মার্চ মাসে দুই দেশের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে বৈঠক করেছিলেন। ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র তখন বিবিসিকে জানিয়েছিলেন, সেটি একটি "বিশেষজ্ঞ পর্যায়ের রুটিন বৈঠক", কিন্তু গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে সেই আলোচনার "আলাদা গুরুত্বও" ছিল।

বাংলাদেশের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের দুইজন কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।