Image description

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিমানের প্রায় ৯ হাজার লিটার জেট ফুয়েলসহ একটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে পতেঙ্গা চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান চালিয়ে লরিটি আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে।

পরে জেট ফুয়েল বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জেট ফুয়েল খালাসের বিষয়টি নিশ্চিত করেন। পদ্মা অয়েলের ম্যানেজার সোহেল ইদ্রিস জানান, আটক হওয়া লরিতে থাকা ৯ হাজার লিটার জেট ফুয়েল চোরাইভাবে বিক্রির উদ্দেশ্যে পতেঙ্গায় খালাস করা হচ্ছিল।

তিনি বলেন, এ ধরনের লরি কোনোভাবেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরে আসার কথা নয়। কিন্তু কীভাবে সেটি বাইরে এসে জেট ফুয়েল খালাস করলো, সেটি তদন্তসাপেক্ষ বিষয়। তিনি আরও জানান, শাহ আমানত বিমানবন্দর এলাকায় পদ্মা অয়েলের জেট ফুয়েল ডিপো রয়েছে। সেখান থেকে নির্দিষ্ট ট্যাংক লরির মাধ্যমে বিভিন্ন উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। ফলে বিমানবন্দর এলাকার বাইরে এই লরির উপস্থিতি অত্যন্ত সন্দেহজনক।

এদিকে, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।